ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
ডেঙ্গু রোগের বাহক এডিস মশা

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ জনের

ডেঙ্গুতে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হলো। সর্বশেষ তিনজনের মৃত্যু হয়েছে বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে। এ নিয়ে টানা পাঁচ দিন ধরে এডিস মশাবাহিত এ রোগে মৃত্যুর ঘটনা ঘটছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৫৩৪ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৯০।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ১৩১ জন রয়েছেন ঢাকা বিভাগে। এসব রোগী আবার ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের। দুই সিটি মিলিয়ে এ সময় রোগী হয়েছে ১২১ জন।

মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে এ পর্যন্ত ৩২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এলাকাভিত্তিক মৃত্যুর এ সংখ্যা বরিশালে ৬, চট্টগ্রামে ৫, ঢাকার দুই সিটি করপোরেশন বাদ দিয়ে ১ জন, ময়মনসিংহে ৬ জন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ২২ জন, খুলনায় ৬, রাজশাহী ৩ এবং রংপুরে ১ জন করে।

সাধারণত বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায় বর্ষা মৌসুমে। বিশেষ করে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। বৃষ্টির পানিতে জমে থাকা ছোট ছোট জলাধার এডিস মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। তবে সাম্প্রতিক বছরগুলোয় অস্বাভাবিক আবহাওয়া, দীর্ঘ উষ্ণ সময় ও দ্রুত নগরায়ণের কারণে ডেঙ্গুর মৌসুমি ধারা বদলে যাচ্ছে। এখন সংক্রমণ আগেভাগে শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে।