তরুণদের একটি অংশ মাদকের করাল গ্রাসে নিমজ্জিত। একসময় কৌতূহলে গাঁজা সেবন করত তরুণেরা। সময়ের পরিক্রমায় ফেনসিডিলে আসক্ত হয়ে পড়ে তারা। এরপর ইয়াবা বড়ির দিকে ঝোঁকে। এ অবস্থা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষক-শিক্ষার্থীদের মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে হবে। একই সঙ্গে দৃঢ় অঙ্গীকার নিয়ে মাদককে ‘না’ বলতে হবে। গতকাল কুমিল্লায় মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঘুরেফিরে প্রায় সব বক্তাই এ আহ্বান জানান। বেলা ১১টায় নগরের কুমিল্লা চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে ওই অনুষ্ঠান হয়।