
বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দিলীপ সরকার নামের এক ভারতীয় নাগরিক চার বছর কারাভোগের পর নিজ দেশে স্বজনদের কাছে ফিরে গেছেন। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে ভারতে পাঠানো হয়। এ সময় স্থলবন্দরের শূন্যরেখায় তাঁর মা–বাবাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিলীপ সরকার ভারতের ত্রিপুরা রাজ্যের যোগেন্দ্রনগরের আড়ালিয়ার জগদীশ সরকারের ছেলে। বাংলাদেশে আটকের পর তিনি দুই বছরের সাজা এবং পরে কাগজপত্রসংক্রান্ত প্রক্রিয়া মিলিয়ে মোট চার বছর কারাভোগ করেন।
২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। সে সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদসদের হাতে আটক হন তিনি। পরে অনুপ্রবেশের দায়ে হওয়া মামলায় দুই বছরের সাজা দেন হবিগঞ্জের আদালত।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের (এসআই) মো. মোর্শেদুল আলম সন্ধ্যায় জানান, আরও আগেই ওই ব্যক্তির দুই বছরের সাজা শেষ হয়ে যায়। তবে কাগজপত্রের প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যায়। আজ দুপুরে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।