অপহরণের তিন দিন পর দুই বন্ধু উদ্ধার, অপহরণকারী বাবা-ছেলে আটক

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও থেকে ঢাকার সাভারে বেড়াতে যাওয়ার সময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে অপহৃত দুই বন্ধুকে উদ্ধার করেছে র‍্যাব। আজ বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করেন র‌্যাব-৪-এর সদস্যরা। এ সময়ে অপহরণে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। সম্পর্কে তাঁরা বাবা–ছেলে।

অপহৃত হওয়া দুই বন্ধু হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর হাজীপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে সুজন মিয়া (২৬) ও একই উপজেলার মুন্সিপাড়া এলাকার পান্নু ইসলামের ছেলে রায়হান ইসলাম (২৫)। আর আটক বাবা ও ছেলে হলেন কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার আমির হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৬০) ও আনোয়ারের ছেলে জয়নাল রানা (৩৩)।

কালিয়াকৈর থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১১ জুন ঠাকুরগাঁও থেকে ঢাকার সাভারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন দুই বন্ধু সুজন (২৪) ও রায়হান (২৬)। ঠাকুরগাঁও থেকে বাসে আসার সময় ভুল করে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় তাঁরা নেমে যান। বাস থেকে নেমে দুই বন্ধু রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন অপহরণকারী জয়নাল একটি সাদা ব্যক্তিগত গাড়িতে সুজন ও তাঁর বন্ধু রায়হানকে তুলে নিয়ে যান। তাদের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘরে হাত-পা বেঁধে তিন দিন ধরে নির্যাতন করেন এবং তাঁদের পরিবারের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

ওই ঘটনায় ১৪ জুন অপহৃত সুজনের মা বাদী হয়ে র‌্যাব-৪ বরাবর অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, তাঁর ছেলে সুজন ও তাঁর বন্ধু রায়হানকে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। অপহরণকারীরা তাঁদের মুক্তির জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন। টাকা না দিলে তাঁদের হত্যার হুমকি দিয়েছেন।

ওই অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি দল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত সুজন ও রায়হানকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে আজ দুপুরে কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার বলেন, র‌্যাব-৪-এর সদস্যরা দুই আসামিকে তাঁদের কাছে হস্তান্তর করেছেন। ওই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।