অপহরণের ২৫ ঘণ্টা পর পটুয়াখালী শহরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাসকে (৬২) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার এসপি কমপ্লেক্সের ভূগর্ভস্থ অংশ থেকে পুলিশ শিবু দাসকে উদ্ধার করে। এ সময় উদ্ধার হন শিবু দাসের গাড়িচালক মিরাজ (২৪)। জেলা পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ঘটনার পরই পটুয়াখালী জেলা পুলিশ উদ্ধারে অভিযানে নামে। রাতেই পাশের জেলা বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকার মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় শিবু দাসের গাড়িটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের সময় শিবু দাসের হাত-পা বাঁধা ও মুখমণ্ডলে স্কচটেপ দিয়ে আটকানো ছিল। এ সময় গাড়িচালক মিরাজের হাত-পা বাঁধা ছিল। উদ্ধারের পর রাতেই তাঁদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএমের নেতৃত্বে পুলিশ এসপি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে শিবু দাসকে উদ্ধার করে নিয়ে বের হয়। সেখান থেকে তাঁকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়।
শিবু দাস অপহরণ ও উদ্ধারের বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করছে এবং শিবু দাস ও তাঁর গাড়িচালক মিরাজের সঙ্গে তারা কথা বলছে। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে অবহিত করা হবে।
সোমবার রাত নয়টার দিকে শিবু দাস জেলার গলাচিপা উপজেলার তাঁর নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত গাড়িতে পটুয়াখালী শহরের নিজ বাসভবনে আসার পথে অপহরণের শিকার হন। এ সময় শিবু দাসের গাড়িচালক মিরাজও (২৪) নিখোঁজ হন। অপহরণকারীরা শিবু দাসের সঙ্গে মিরাজকেও অপহরণ করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছিল।