
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের কর্মকাণ্ডের সঙ্গে সংবিধান ও নৈতিকতার কোনো সংযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘অর্থমন্ত্রী অনেক কিছু করছেন, যার সঙ্গে সংবিধান ও নৈতিকতার কোনো সংযোগ নেই। তিনি পাচার করা টাকা বৈধ করার প্রস্তাব দিয়েছেন। তাঁর (অর্থমন্ত্রীর) নিজস্ব ফার্ম মালয়েশিয়ায় আদম ব্যবসার সঙ্গে বহুকাল থেকে জড়িত। এগুলো তো তাঁরাই করছেন। তাঁরাই নিজেরা বিদ্যুৎ উৎপাদন করছেন, বিদেশে টাকা পাচার করছেন। তারপর তাঁরা সেই টাকা আবার বৈধ করার জন্য আইন করছেন। এ দেশ এখন কোনো সভ্য গণতান্ত্রিক দেশ নয়। এটাকে তাঁরা অসভ্য বর্বর রাষ্ট্রে পরিণত করেছেন।’
নতুন নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, অনেকের মধ্যে আশার সঞ্চার হয়েছিলো যে কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনে নতুন নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করবে। দেশের জনগণও আশা করেছিলেন, নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা সৃষ্টির জন্য সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করে নির্বাচনকে নিয়ন্ত্রণে নেওয়া থেকে দূরে থাকবে। কিন্তু দুভার্গ্যজনকভাবে সেটার কোনোটাই হয়নি। সরকারের কারণেই সংসদ সদস্য সেখানে অবস্থান করছেন। নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়ার পরও তিনি সেখান থেকে বের হননি। এতে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে পুরো নির্বাচন কমিশনের অসহাত্ব প্রকাশ পেয়েছে। এ ঘটনা থেকে প্রমাণিত হয়ে গেছে, কুমিল্লা সিটি নির্বাচন শুধু নয়, সারা বাংলাদেশে নির্বাচনব্যবস্থা সম্পূর্ণভাবে সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
গতকাল দুপুরে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ মন্তব্য করেছিলেন, কোনো সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকা ছেড়ে চলে যেতে বলা তাঁর মৌলিক অধিকারে হস্তক্ষেপ। তথ্যমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তথ্যমন্ত্রীর কথা তো আর আইন নয়। আইনে পরিষ্কার বলা আছে, নির্বাচনের দিনে ওই এলাকায় কোনো সংসদ সদস্য থাকতে পারবেন না।’
সাংবাদিকদের প্রশ্নোত্তরের সময় জেলা বিএনপির সভাপতি মো. তৈমূর রহমান, সহসভাপতি আল মামুন, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবুনুর, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ মির্জা ফখরুলের বাড়িতে উপস্থিত ছিলেন।