বাবার কোলে শিশু গুলিবিদ্ধ

‘আঁর নাতিন কই, আঁর নাতিন জান্নাতকে আনি দাও’

নিহত শিশু তাসপিয়ার দাদি ছেমনা খাতুনের আহাজারি। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর গ্রামে
ছবি: প্রথম আলো

‘আঁর নাতিন কই, তোমরা আঁর নাতিন জান্নাতকে আনি দাও। আঁর নাতিনেরা কিল্লাই সন্ত্রাসেরা এভাবে গুল্লি (গুলি) মাইরল। আঁর নাতিনে কী দোষ কইচ্ছে। আঁর নাতিন তো বাপের লগে (বাবার সঙ্গে) দোয়ানে চিপ কিনত (দোকানে চিপস কিনতে) গেছে। আঁর নাতিনেরা ছাড়া আঁই কীভাবে বাঁচুম। আঁর নাতিন কই...’ বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন গুলিবিদ্ধ হয়ে নিহত তাসপিয়া আক্তার ওরফে জান্নাতের (৪) দাদি ছেমনা খাতুন (৭০)। কয়েকজন তাঁকে ধরে ঘরে নিয়ে যান।

শুধু দাদি ছেমনা খাতুনই নন, নিহত শিশু তাসপিয়ার পরিবারের সবাই এ রকম আহাজারি করছেন। তাঁদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রতিবেশী ও দূর থেকে আসা স্বজনদের সান্ত্বনাও তাঁদের শান্ত করতে পারছে না।

গতকাল বুধবার বিকেল চারটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা গুলি করার সময় শিশুটি তার বাবার কোলে ছিল। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে দক্ষিণ হাজীপুর গ্রামের তাসপিয়াদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির পাঁচটি বসতঘরের প্রতিটিতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ভিড়। তাসপিয়ার মা, ফুফু, দাদি ও নানি অনবরত বিলাপ করছেন। তাঁদের সবার একটিই প্রশ্ন, এই মাছুম বাচ্চা কী অপরাধ করেছে? তারা কেন এই শিশুর কোমল শরীরে এতগুলো গুলি করতে পারল? তারা মানুষ নয়, পশু। ওই ‘পশুদের’ ফাঁসি চান সবাই।

তাসপিয়ার মা জেসমিন আক্তার বলেন, বিকেলে মেয়ে তার বাবার কাছে বায়না ধরে, তাকে চিপস ও ললিপপ কিনে দিতে। তখন তাঁর স্বামী আবু জাহের মেয়েকে কোলে নিয়ে বাড়ির থেকে প্রায় ২০০ গজ দূরের মালেকার বাপের দোকান এলাকায় যান। কিছুক্ষণ পরই খবর আসে, সন্ত্রাসীরা তাঁর স্বামী ও মেয়ের ওপর গুলি করেছে। জেসমিন বলেন, ‘তারা আমার মেয়ে ও স্বামীর শরীর ঝাঁঝরা করে দিয়েছে গুলিতে। আমি এই পশুদের ফাঁসি চাই।’

আট বছর পরে আমারে একটা মেয়ে দিছে আল্লাহ। আমার কলিজাটারে শেষ করে দিছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি সরকারের মাধ্যমে ওই সন্ত্রাসীদের ফাঁসি চাই।
আবু জাহের, নিহত তাসপিয়ার বাবা

তাসপিয়ার ফুফু আছমা আক্তার বলেন, সন্ত্রাসী রিমন ও তাঁর সহযোগীদের কাছে হাজীপুর গ্রামের মানুষ জিম্মি। তাঁদের অত্যাচারে গ্রামের মানুষজন অতিষ্ঠ। কিন্তু তাঁদের পরিবারের সঙ্গে তো কখনো কোনো বিরোধ হয়নি। তাহলে তাঁরা কেন তাঁর বিদেশফেরত ভাই ও তাঁর কোলের শিশুর শরীর এভাবে গুলিতে ঝাঁঝরা করল? সন্ত্রাসীদের প্রত্যেকের ফাঁসি দেখতে চান তাঁরা।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার বেগমগঞ্জে ফিরে এসেছেন নিহত তাসপিয়ার বাবা আবু জাহের। দুপুর আনুমানিক ১২টার দিকে বেগমগঞ্জ থানার সামনের মসজিদে বসে তিনি কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। আবু জাহের বলেন, ‘আমার মেয়ে আমার কাছে চকলেট ও চিপস কিনে দিতে বায়না ধরে। আমি তাকে নিয়ে একটি দোকানে আসি। আমার ভাগনের দোকান। সেখানে বসে কথা বলছিলাম। এমন সময় রিমনসহ কয়েকজন এসে প্রথমে ওপরের দিকে গুলি মারে এবং দোকানে ভেতরে লক্ষ্য করে একটি ইট মারে। এতে আমার মেয়ে আঘাত পেয়ে ভয়ে কান্নাকাটি শুরু করে।’

আবু জাহের বলেন, তিনি মেয়েকে কিনে দেওয়া চিপস, জুস, চকলেটসহ বুকে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পরনের লুঙ্গি ঢিলে হওয়ার কারণে পারেননি। এ সময় পেছন থেকে রিমন ও তাঁর সহযোগীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর ও মেয়ের শরীর ঝাঁঝরা হয়ে যায়। আবু জাহের আহাজারি করে বলেন, ‘আট বছর পরে আমারে একটা মেয়ে দিছে আল্লাহ। আমার কলিজাটারে শেষ করে দিছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি সরকারের মাধ্যমে ওই সন্ত্রাসীদের ফাঁসি চাই।’

হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজন

শিশু তাসপিয়া ও তার বাবা আবু জাহেরকে গুলির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন লক্ষ্মীনারায়ণপুরের এমাম হোসেন ওরফে স্বপন (৩০), লতিফপুর গ্রামের জসিম উদ্দিন ওরফে বাবর (২৩) ও দাউদ হোসেন ওরফে রবিন (১৭)। আটক তিনজনসহ মোট ১৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত তাসপিয়ার খালু হ‌ুমায়ুন কবির। অভিযোগে অজ্ঞাত আরও ১০-১২ ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। আজ দুপুরে থানায় দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজুর বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক প্রথম আলোকে বলেন, হাজীপুরে বুধবার বিকেলে গুলির ঘটনায় অভিযুক্ত রিমন ও তাঁর সহযোগীদের ধরতে বুধবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়। এ ছাড়া ঘটনার বিষয়ে নিহত তাসপিয়ার খালু থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি নিয়মিত মামলা হিসেবে রুজু করার প্রক্রিয়া চলছে।

ওসি মীর জাহেদুল হক সাড়ে ১২টার দিকে বলেন, নিহত তাসপিয়ার লাশ আজ সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে সেখানে কোনো চিকিৎসক কর্মস্থলে না থাকায় ময়নাতদন্ত করতে বিলম্ব হচ্ছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।