আখাউড়া স্থলবন্দরে চার দিন রপ্তানি বন্ধ থাকবে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আজ বৃহস্পতিবার থেকে ১৬ মে পর্যন্ত স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ছুটি ঘোষণা করে। তবে আটকে পড়া যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

স্থলবন্দর সূত্রে জানা যায়, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি হয় না। এটি মূলত দেশের শতভাগ রপ্তানমুখী স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে কয়েক লাখ মার্কিন ডলার মূল্যের মাছ, রড, সিমেন্ট, কয়লা, প্লাস্টিকের পণ্য, ভোজ্যতেল, তুলা, ফলমূলসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি করা হয়। এসব পণ্য ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও জানিয়ে দেওয়া হয়েছে। ছুটি শেষে ১৭ মে থেকে পণ্য রপ্তানির কার্যক্রম পুনরায় শুরু হবে। আর এ বন্দর দিয়ে শুধু পণ্য রপ্তানি হয়। কোনো পণ্য আমদানি করা হয় না।

আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ আবদুল হামিদ বলেন, দুই দেশে আটকে পড়া যাত্রীদের অনুমতি ও কিছু নির্দেশনা অনুসরণ সাপেক্ষ যাতায়াত স্বাভাবিক থাকবে।