আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা: মহাসচিব

রংপুর নগরের দর্শনা এলাকায় পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক। শুক্রবার বিকেলে
ছবি: প্রথম আলো

রংপুর জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক বলেছেন, এ দেশের মানুষ আওয়ামী লীগ–বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে কয়েকবার। কিন্তু তারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি। দুই দলই জনগণের জন্য কাজ করতে পারেনি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাপা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

আজ শুক্রবার বেলা তিনটার দিকে রংপুরে পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মুজিবুল হক এসব কথা বলেন।

চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, এভাবে নির্বাচন হওয়ায় বিএনপি নির্বাচনে আসেনি, তবে এভাবে নির্বাচন হলে আগামী দিনে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি না, তা নতুনভাবে চিন্তা করবে।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা প্রসঙ্গে জাপার মহাসচিব বলেন, মানবিক কারণে সরকার তাঁকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিতে পারে, তবে তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। এ বিষয়ে জাপার কোনো বক্তব্য নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান, দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ।