
দীর্ঘ এক যুগ পর বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে আবদুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক পদে আবু হাসান নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার রহিম উদ্দীন ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সম্মেলন পরিচালনা কমিটির প্রধান আলী আজগর তালুকদার। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম।
সম্মেলনে অন্যান্যের মধ্যে যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদিন, লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম ওরফে স্বাধীন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটির সদস্যদের নিয়ে ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক পদে ভোট হয়। ভোটে সভাপতি পদে আবদুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক পদে আবু হাসান, সাংগঠনিক সম্পাদক পদে ইউনুস আলী ও শফিকুল ইসলাম খান নির্বাচিত হন।
সর্বশেষ ২০১০ সালে আদমদীঘি উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আবদুল মহিত তালুকদার সভাপতি ও বুলবুল ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।