
আদালতে মিথ্যা মামলা করা ও সাক্ষ্য দেওয়ায় মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে মামলার আদেশ দিয়েছেন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন। আজ বুধবার বিকেলে আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের রসময় দাসের ছেলে হরিপদ দাস একই উপজেলার রাধানগর গ্রামের সাহাব উদ্দিনকে সুদের ওপর ২০ হাজার টাকা ঋণ দেন। ঋণ দেওয়ার সময় হরিপদ দাস সাহাব উদ্দিনের কাছ থেকে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। পরবর্তী সময়ে হরিপদ দাস ওই সাদা স্ট্যাম্পে ৪ লাখ ৬০ হাজার টাকা পাওনা মূলে অঙ্গীকারনামা লিপিবদ্ধ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, অঙ্গীকারনামা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা দিলে হবিগঞ্জের বাহুবল উপজেলার সোয়াইয়া গ্রামের মানিক মিয়াকে বাদী করে হরিপদ ২০১৭ সালের ২২ অক্টোবর সাহাব উদ্দিনের বিরুদ্ধে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে একটি মামলা করান। মামলায় হরিপদ দাস নিজে ও বাহুবল উপজেলার মীরপুর বাজারের লাকি ফার্নিচার মার্টের মালিক মো. ফিরোজ মিয়াকে সাক্ষী করা হয়। তাঁরা আদালতে উপস্থিত হয়ে অঙ্গীকারনামার ব্যাপারে সাক্ষ্য দেন। আদালতের জেরার মুখে প্রতীয়মান হয়, তাঁরা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। পরে হরিপদ দাস অঙ্গীকারনামায় মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকির হোসাইন মিথ্যা মামলা দায়ের, মিথ্যা অঙ্গীকারনামা তৈরি ও আদালতে উপস্থিত হয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন।