আনোয়ারায় নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় ৪ মামলা, গ্রেপ্তার ১৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণায় প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। গতকাল সন্ধ্যায় পরৈকোড়া ইউনিয়নের ছত্তার হাট এলাকায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় ইউনিয়নের ছত্তার হাট এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় ইউপি চেয়ারম্যান ও পুলিশ সদস্যসহ আওয়ামী লীগের অন্তত ২৫ নেতা-কর্মী আহত হন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অভিযোগ, পাঁচ স্বতন্ত্র প্রার্থী সংঘবদ্ধ হয়ে এই হামলা চালিয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, প্রচারণায় গিয়ে জনগণের রোষানলে পড়েন তাঁরা।

অভিযুক্ত পাঁচ স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তাঁরা হলেন নাজিম উদ্দিন (মোটরসাইকেল), মোহাম্মদ আলী (আনারস), হাসান জিয়াউল ইসলাম (ঘোড়া), শেখ নাজিম উদ্দিন (টেলিফোন) ও আবদুল মালেক (চশমা)।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হকের সমর্থনে গণসংযোগ শুরু করেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তখন তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় বিভিন্ন ইউপির চেয়ারম্যানসহ অন্তত ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে বৈরাগ ইউপির চেয়ারম্যান নোয়াব আলী, চাতরী ইউপির চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু, রায়পুর ইউনিয়ন যুবলীগের নেতা জালাল উদ্দীন, পুলিশ কনস্টেবল কামাল আছেন। তখন দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় হামলাকারীরা। আহত ব্যক্তিরা সবাই পরৈকোড়া ইউপির বাইরের বাসিন্দা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেন

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক বলেন, ‘আমি দলীয় প্রার্থী হওয়ায় দলের নেতারা প্রচারণায় এলে পাঁচ স্বতন্ত্র প্রার্থী এক হয়ে হামলা করেন।’

হামলার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘গতকালের জনতার রোষানলের দায় আমাদের ওপর চাপানো হচ্ছে। ঘটনার পর আজিজুল হকের লোকজন ও পুলিশ আমাদের দাঁড়াতে দিচ্ছে না। পুলিশ অসহযোগিতা করছে।’

ঘটনার পর ইউনিয়নের সব কটি সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। রাত ১০টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখন পুলিশ সদস্যরা ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে, আজ মঙ্গলবার দুপুরে পুলিশি হয়রানির অভিযোগ করে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পাঁচ প্রার্থী। পরে তাঁরা জেলা নির্বাচন কার্যালয়ে অভিযোগ দেন।

সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, এলাকায় নির্বাচনী পরিবেশ নেই। পুলিশ দিয়ে তাঁদের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। নির্বাচনের এই সময়ে ১৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি তাঁরা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঘটনার পর তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। তখন পুলিশের এক সদস্যও আহত হন। এ ঘটনায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে একটি পুলিশ বাদী হয়ে করেছে। বাকি তিনটি স্থানীয়ভাবে করা হয়েছে। তাঁরা ১৪ জনকে গ্রেপ্তার করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত।