আজ বুধবার আওয়ামী লীগের দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত করে জেলা কমিটির কাছে প্রস্তাব পাঠানোর কথা।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে প্রার্থীজট তৈরি হয়েছে। দলটির দুই গ্রুপ থেকে আটজন প্রার্থী মনোনয়ন দাবি করছেন।
আজ বুধবার দলের কার্যনির্বাহী কমিটির সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত করে জেলা কমিটির কাছে প্রস্তাব পাঠানোর কথা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদের অনুসারীরা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ঠিক করতে তাঁদের অনুসারীদের নিয়ে বৈঠক করেছেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক পক্ষে আছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম। আরেক পক্ষে আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হারুন রাশীদের নেতৃত্বাধীন গ্রুপ।
পরিকল্পনামন্ত্রীর অনুসারীদের পক্ষে আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী সাবিনা আনোয়ার মনোনয়ন দাবি করছেন।
অপর দিকে আজিজুস সামাদের অনুসারীদের মধ্যে সাবেক সহসভাপতি হারুন রাশীদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমেদ এবং শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর প্রার্থী হতে ইচ্ছুক।
উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল হক বলেন, গত নির্বাচনে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় হয়। এবার যদি ঐক্যবদ্ধভাবে দেওয়া হয়, তাহলে দলীয় প্রার্থীর বিজয় হবে। না হলে হয়তো আবারও ভরাডুবি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হারুন রাশীদ বলেন, আজিজুস সামাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তাবিত নাম কেন্দ্রে পাঠানোর দাবি জানানোর সিদ্ধান্ত হয়েছে।
এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বলেন, দলের সভায় সর্বসম্মতিক্রমে একক নাম প্রস্তাব হলে একক নাম যাবে। একাধিক নাম এলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা পর্যায়ে এমন প্রার্থীজট নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির বলেন, উপজেলা আওয়ামী লীগের পাঠানো নাম তাঁরা কেন্দ্রে পাঠাবেন। সেখানে প্রার্থী চূড়ান্ত হবে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন। ২৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। বাছাই ৩০ জুন ও প্রার্থিতা প্রত্যাহার ৭ জুলাই। প্রতীক বরাদ্দ হবে ৮ জুলাই।