গোপালগঞ্জে দুটি পৌরসভায় নির্বাচন

ইভিএমে ভোট গ্রহণে ধীরগতি, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোটাররা

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আশি বছরের একটা বৃদ্ধাকে ভোট দিতে তিন নম্বার ওয়ার্ডের একটি কেন্দ্রে নিয়ে যাচ্ছেন একজন
ছবি: প্রথম আলো

নির্দিষ্ট সময়ের আগেই ভোটাররা ভোটকেন্দ্রে আসেন। সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ, কিন্তু ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) অকেজো হয়ে যায়। মিনিট দশেক পর বিশেষজ্ঞ এসে ঠিক করে দিলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। আজ বুধবার সকালে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের রংধনু কিন্ডারগার্টেন কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা গেছে।

আজ বুধবার সারা দেশের ১২৩টি ইউনিয়ন পরিষদ, ৫টি পৌরসভা, কুমিল্লা সিটি করপোরেশন, ১টি উপজেলা পরিষদ ও ৩টি উপজেলা পরিষদের শূন্য পদে নির্বাচন হচ্ছে। এগুলোর অধিকাংশতেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুর পৌরসভায়ও ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৫৫ হাজার ৬৬৭। তাঁরা ১৫টি ওয়ার্ডের ৩০টি কেন্দ্রের ১৫২টি বুথে ভোট দিচ্ছেন। অন্যদিকে মুকসুদপুর পৌরসভায় ভোটারসংখ্যা ১৭ হাজার ৬২৭। সেখানে ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রের ৫২টি বুথে ভোট গ্রহণ হচ্ছে।

গোপালগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রংধনু কিন্ডারগার্টেন কেন্দ্রে ইভিএম নিয়ে জটিলতার কথা জানান ভোটার ও নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা স্থানীয় একটি কলেজের প্রভাষক রাজিব কুমার বসু প্রথম আলোকে বলেন, ইভিএম ভালোভাবে কাজ করছে না। একটি বুথে ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। অভিজ্ঞ টিম এসে হাত দিয়ে ইভিএমে আঘাত করলে ঠিক হয়ে যায়। কখনো কখনো আঙুলের ছাপ দিলে ছবি আসছে না। অনেক ভোটারদের আঙুলের ছাপ ঠিকঠাকভাবে আসছে না। এ ছাড়া ভোটাররা ইভিএমে অভ্যস্ত নয়। তাই ভোট গ্রহণে ধীর গতি।

বেলা ১১টার দিকে কেন্দ্র থেকে বেরিয়ে ইকবাল মোল্লা নামে এক ভোটার বলেন, ‘আমি সকাল ৮টায় ভোট দিতে এসেছি। ১১টা পর্যন্ত দাঁড়িয়ে এরপর ভোট দিয়েছি। এর আগে কখনো ইভিএমে ভোট দেইনি, তাই বুঝতে একটু দেরি হয়েছে।’

গোপালগঞ্জ পৌরসভায় ১০ জন মেয়র, ৬০ জন কাউন্সিলর এবং ২১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে সদরের এই পৌরসভাটিতে ৯ জন মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে (নারিকেল গাছ) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।

মুকসুদপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মো. আতিকুর রহমান মিয়া। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আছেন আরও ৪ জন। এ ছাড়া কাউন্সিলর ২৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।