
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুই ভাইকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মৃত আহমদ ছফার দুই ছেলে মহি উদ্দিন (৩০) ও নুরুল আলম (২৬)।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, ২০১৮ সালের ১ মে টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ নুরুল আলম ও মহি উদ্দিনকে গ্রেপ্তার করে হোয়াইক্যং হাইওয়ে থানা-পুলিশ। এ নিয়ে টেকনাফ মডেল থানায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত দুই ভাইকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। রায়ের সময় অভিযুক্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন।