ঈদে সিলেটে পর্যটকের ঢল, খুশী ব্যবসায়ীরা

ঈদের ছু‌টিতে সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল নেমেছে। বুধবার জাফলং জিরো পয়েন্ট এলাকায়
ছ‌বি: আনিস মাহমুদ

সিলেটের পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং প্রশাসনের কর্মকর্তারা আশা করেছিলেন, ঈদের ছুটিতে প্রতিদিন দুই লাখ পর্যটকের সমাগম হবে। ব্যবসায়ী এবং প্রশাসনের কর্মকর্তাদের সেই আশাই যেন সত্যি হলো। সিলেটের পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলোয় ঈদের দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে ভিড় শুরু হয়। যদিও বিনোদন ও পর্যটনকেন্দ্রগুলোয় কী পরিমাণ পর্যটক উপস্থিত রয়েছেন, তা গণনা করা সম্ভব নয়। তবে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উপস্থিতির পরিমাণ কাঙ্ক্ষিত সংখ্যার চেয়ে বেশি।

বুধবার সকাল থেকে সিলেটের পর্যটনকেন্দ্র গোয়াইনঘাটের জাফলং, মায়াবী ঝরনা, রাতারগুলে পর্যটকেরা ভিড় শুরু করেন। সকাল থেকে বেশি ভিড় ছিল জাফলংয়ে। এ ছাড়া কোম্পানীগঞ্জের সাদাপাথর ও কোম্পানীগঞ্জ সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কে ভিড় ছিল পর্যটকদের।

জৈন্তাপুর উপজেলার লালাখাল এবং সিলেট নগরের অভ্যন্তরের ধোপাদিঘীর পাড় এলাকার এম এ জি ওসমানী শিশু পার্ক শহরতলীর দক্ষিণ সুরমা এলাকায় শেখ হাসিনা শিশু পার্কে ছিল স্থানীয় পর্যটকদের ভিড়।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রের ব্যবসায়ী আরিফুজ্জামান আবির বলেন, সকাল থেকেই পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পায়। স্থানীয় ভাবে জানা গেছে জাফলংয়ের প্রায় সব হোটেলের কক্ষ বুকিং করে রাখা হয়েছে। এ ছাড়া ঈদের দিন পর্যটকদের উপস্থিতি দেখা গেলেও। সেটি তুলনামূলক কম ছিল।
তিনি বলেন, দুপুরের পর থেকে জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় লোকে লোকারণ্য হয়ে ওঠে। কেউ হারিয়ে গেলে ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল, এমন অবস্থার সৃষ্টি হয়।

সিলেটের ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের পরিদর্শক মো. রতন শেখ বলেন, ঈদকে কেন্দ্র করে পর্যটকদের যাতে হয়রানি করা না হয়, এ জন্য ট্যুরিস্ট পুলিশের আগাম প্রস্তুতি ছিল। ঈদে প্রচুরসংখ্যক পর্যটক জাফলংয়ে বেড়াতে আসবেন, সেটি আগেই অনুমান করা গিয়েছিল। গত দুই বছর করোনার পরিস্থিতির কারণে এবার পর্যটকের ভাটা কাটিয়ে সর্বোচ্চ উপস্থিতি লক্ষ করা গেছে।

ঈদের ছু‌টিতে সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল নেমেছে। বুধবার জাফলং জিরো পয়েন্ট এলাকায়

রতন শেখ আরও বলেন, পর্যটকদের জন্য নৌকাভাড়া নির্দিষ্ট করা রয়েছে। সেখানে তাঁদের হয়রানি করার সুযোগ নেই। জাফলং জিরো পয়েন্ট থেকে শুরু করে মায়াবী ঝরনায়ও পর্যটকদের ব্যাপক সমাগম হয়েছে।

এদিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রেও পর্যটকদের বিপুল উপস্থিতি লক্ষ করা গেছে। সেখানে পর্যটকদের ভারতের পাহাড় বেয়ে নেমে আসা ঠান্ডা স্বচ্ছ পানিতে শরীর ডুবিয়ে গা ভাসিয়ে আনন্দ করতে দেখা গেছে।
পর্যটনকেন্দ্রটিতে আসা ঢাকার বাসিন্দা এনামুল হক বলেন, ‘ঈদের ছুটিতে পরিবারের স্বজনদের নিয়ে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে এসেছি। আজ প্রথম দিনে সাদাপাথর ঘুরে অনেক ভালো লেগেছে।’ বৃহস্পতিবার জাফলংসহ অন্যান্য জায়গায় ঘুরবেন বলে জানান তিনি। আগামী শনিবার ঢাকায় ফিরে যাবেন বলে জানান এনামুল হক।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, পর্যটকদের বরণ করতে প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি ছিল। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় লাল নিশানা টাঙিয়ে রাখা হয়েছিল। এ ছাড়া স্বেচ্ছাসেবী এবং স্থানীয় ডুবুরি রয়েছেন যাতে পর্যটকেরা পানিতে তলিয়ে গেলে উদ্ধার অভিযানে তাৎক্ষণিক নামতে পারেন। তিনি আরও বলেন, ‘প্রতিদিন পর্যটনকেন্দ্রটিতে এক লাখ পর্যটকের সমাগম হবে বলে আমরা ধারণা করেছিলাম। আজ সেটির প্রতিফলন দেখেছি।’