উখিয়ার আশ্রয়শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ৩ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার জেলার মানচিত্র
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-১ পশ্চিম) ডি-৪ ব্লকের একটি ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও তিন রোহিঙ্গা ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এ ঘটনায় এর আগে মারা যাওয়া নুর আলমের ছেলে নুর মোস্তফা (৮) এবং তাদের প্রতিবেশী আলী আহমদের ছেলে হাফিজুল মোস্তফা (৮)।

আজ বৃহস্পতিবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রতিবেশী ফজল করিমের স্ত্রী দিল বাহার (৫১)।

এ ঘটনায় এর আগে গত মঙ্গলবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুর আলম ও তাঁর আরেক ছেলে আনোয়ার মোস্তফা (১২)। এই নিয়ে দগ্ধ ছয়জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া সবাই ক্যাম্প-১ আশ্রয়শিবিরের ডি-৪ ব্লকের বাসিন্দা বলে জানিয়ে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক বলেন, তাঁদের সবাইকে আশ্রয়শিবিরের কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ জানায়, ১২ মে সকাল সাড়ে ৮টার দিকে ওই আশ্রয়শিবিরের ডি-৪ ব্লকের বাসিন্দা নুরুল আলমের ঘরের গ্যাসের চুলায় রান্না করার সময় পাইপে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এর থেকে সৃষ্ট আগুনে ঘরের কিছু অংশ পুড়ে যায়। এ সময় নুর আলম, তাঁর দুই ছেলে, স্ত্রী এবং প্রতিবেশী দুটি ঘরের দুইজন দগ্ধ হন।

প্রথমে তাঁদের আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।