
যাঁরা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করেন, ধ্বংসের রাজনীতি করেন, তাঁদের বিরুদ্ধে অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। পিরোজপুর সদরে উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে দুস্থ জনগোষ্ঠীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শুক্রবার বিকেলে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে যাঁরা বাধা সৃষ্টি করেন, যাঁরা অপরাজনীতি করেন, যাঁরা ধ্বংসের রাজনীতি করেন, তাঁদের বিপক্ষে অবস্থান নিতে হবে। স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে অবস্থান নিতে হবে। প্রত্যেকের মধ্যে নিজস্ব বিশ্বাস ও চেতনা থাকলেও স্বাধীনতাবিরোধীদের ভ্রান্ত, অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে প্রগতিশীল রাজনীতিতে আসতে হবে।
মন্ত্রী আরও বলেন, ‘যদি কেউ ধ্বংসাত্মক কার্যক্রম করতে চান, পেট্রলবোমা নিক্ষেপ করতে চান, মানুষকে সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে নিয়ে যেতে চান, তাহলে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব আছে আইনশৃঙ্খলা রক্ষা করার। এ জাতীয় অপরাজনীতি যাঁরা করবেন, আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তাঁদের যেকোনো মূল্যে প্রতিহত করবে। আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি। অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছি। শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের জাদুকর। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার প্রমুখ।
পরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি অফিস হলরুমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় যোগ দেন মন্ত্রী। তিনি বলেন, দেশের অসহায় মানুষকে স্বাবলম্বী করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। তাঁর নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশে কোনো মানুষ অভুক্ত থাকে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মহামারিতেও দেশের উন্নয়ন থেমে নেই।