
ময়মনসিংহের ভালুকা উপজেলায় উল্টো পথে আসা ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভালুকা পৌর সদরের থানার মোড়ে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল হামিদ পাঠান (৬৫)। তিনি উপজেলার খারুয়ালী গ্রামের জাবেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে হামিদ পাঠান হেঁটে ভালুকা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। থানার মোড় দিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক পার হওয়ার সময় উল্টো পথে আসা ইটবোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হামিদ পাঠান নিহত হন।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহত হামিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।