
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাভার্ড ভ্যানের চাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে পাবনা-নগরবাড়ী মহাসড়কের উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ভ্যানযাত্রী উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মহল্লার সাইফুল ইসলামের ছেলে রুবেল (২২) ও একই গ্রামের আখের উদ্দিনের ছেলে ফরজ আলী (৪৮)। এ সময় ভ্যানচালক মাহমুদুল ইসলাম (৩৫) ও ভ্যানের আরেক যাত্রী আবু হানিফ (২২) আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ফরহাদ, রুবেলসহ বেশ কয়েকজন ভ্যানে করে মহাসড়কের শ্রীকোলা মোড়ের বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে আসা নগরবাড়ীগামী একটি কার্ভাড ভ্যান যাত্রীবাহী ওই ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, লাশ দুটি স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তবে ট্রাকটি আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় তাঁরা মহাসড়কের ওই স্থানে একটি পদচারী–সেতু নির্মাণের দাবি জানান। পরে রাজনৈতিক দলের নেতাদের প্রতিশ্রুতিতে তাঁরা অবরোধ তুলে নেন।