
নিরাপদ রক্তের জন্য অনেকেই এখন মাগুরা শহরের আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের ওপর আস্থা রাখেন।
মৎস্য ব্যবসায়ী প্রকাশ বিশ্বাসের দুই সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ১৫ বছর বয়সী ছেলে ও ৫ বছর বয়সী মেয়ে দুজনেরই নিয়মিত রক্ত লাগে। প্রতি ২০ দিন পরপর ছেলেকে দুই ব্যাগ ও মেয়েকে এক ব্যাগ রক্ত দিতে হয়। আগে রক্তের জন্য বিভিন্ন মানুষের কাছে দৌড়াদৌড়ি করা লাগলেও এখন চাপ কিছুটা কমেছে। গত কয়েক বছর তিনি নিয়মিতই রক্ত পাচ্ছেন মাগুরা আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র থেকে।
প্রকাশ বিশ্বাসের বাড়ি মাগুরার শালিখা উপজেলায়। তিনি বলেন, ‘আত্মীয়স্বজন বা পরিচিত মানুষ ছাড়া নিয়মিত রক্ত পাওয়া খুবই কঠিন। যাঁদের বাড়িতে থ্যালাসেমিয়ার রোগী আছে, তাঁরা এখন কিছুটা হলেও নিশ্চিন্ত মাগুরায় এই রক্তকেন্দ্র হওয়ার পর। আগে যশোরে যাওয়া লাগত। এখন আর রক্তের জন্য ছোটাছুটি করতে হয় না। এখন ওরা ক্যাম্প করলে লিস্ট ধরে ফোন দেয় রক্ত নেওয়ার জন্য।’
প্রকাশ বিশ্বাসের মতো অনেকেই এখন নিরাপদ রক্তের জন্য মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ায় অবস্থিত আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের ওপর আস্থা রাখেন। শতভাগ নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০১২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এখান থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা ইউনিট পরিচালিত হয়। গত প্রায় এক দশকে চার হাজারের মতো মানুষের মাঝে নিরাপদ রক্ত দিতে পেরেছে প্রতিষ্ঠানটি।
আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ক্লাবে ক্যাম্পিংয়ের মাধ্যমে রক্ত সংগ্রহ করে প্রতিষ্ঠানে। প্রতি মাসে গড়ে চারটা ক্যাম্প হয়। যেখানে কেউ স্বেচ্ছায় রক্ত দিলে বিনা মূল্যে রক্তদাতার এইডস, বি ভাইরাস, সিফিলিস, ম্যালেরিয়া ও গ্রুপ পরীক্ষা করে দেওয়া হয়। এ ছাড়া রক্তাদাতাকে প্রতিষ্ঠানের নামের একটি মগ ও ডোনার কার্ড দেওয়া হয়। ডোনার কার্ড থাকলে একজন সদস্য বা তাঁর পরিবারের সদস্যরা রক্ত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। এ ছাড়া রক্ত পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছ থেকে প্রতি ব্যাগ রক্ত যেখানে ৭৫০ টাকা করে নেওয়া হয়, সেখানে একজন দাতা ৪০০ টাকার বিনিময়ে এক ব্যাগ রক্ত সংগ্রহ করতে পারেন।
আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে রক্তের জন্য সবচেয়ে বেশি আসেন থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর স্বজন। জেলায় থ্যালাসেমিয়া রোগীদের অভিভাবকদের একটি সংগঠন রয়েছে। ওই সংগঠনের সভাপতি তৈয়ব আলী বলেন, ‘আমার পরিবারে তিনটি শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত। জেলায় এই রোগীর সংখ্যা ২০০ থেকে ২৫০। আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে রক্ত পাওয়া যায়। তবে ওয়াশ মেশিন না থাকায় আমাদের যশোর যেতে হয়। যেটা রোগীর স্বজনদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়।’
২০১২ সালের শেষ দিকে মাগুরা-১ আসনের তৎকালীন সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সিরাজুল আকবরের সহযোগিতায়, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদিরের নিজস্ব অর্থায়নে তাঁর মায়ের নামে এটি প্রতিষ্ঠিত হয়। পরে জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় দ্বিতল ভবন হয়। এখন সেখানে পাঁচজন কর্মকর্তা-কর্মী কাজ করেন, যাঁদের চারজনের বেতন দেয় রেড ক্রিসেন্ট সোসাইটি আর একজনের বেতন হয় আব্দুল মুক্তাদিরের নিজস্ব তহবিল থেকে।
আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের প্রকল্প সোহরাব হোসেন বলেন, ‘এখানে উন্নত মানের সব সরঞ্জাম রয়েছে। আমাদের মূল লক্ষ্য মানুষকে শতভাগ নিরাপদ রক্ত দেওয়া। এই প্রতিষ্ঠান চালুর পর জেলায় অনিরাপদ রক্তের লেনদেন অনেকটাই কমে এসেছে। আমাদের দাবি এই প্রতিষ্ঠানকে একটি পূর্ণাঙ্গ থ্যালাসেমিয়া সেন্টার হিসেবে প্রতিষ্ঠা করা।’