
বাইসাইকেলের পেছনে এক টুকরা বাঁশ। বাঁশের দুই প্রান্তে বড় বড় কলার ছড়ি। বাদ যায়নি সাইকেলের হাতলও। এভাবে সাইকেলে কলার ছড়ি ঝুলিয়ে ১৬ বছর ধরে প্যাডেল মারছেন এমদাদুল হক (৪৫)। গন্তব্য শিল্পাঞ্চলের বিভিন্ন দোকানপাট ও অলিগলি। কলার ফেরিওয়ালা এমদাদুলের সাইকেল ছুটে গ্রাম থেকে ব্যস্ত শহর, সবখানে।
এমদাদুলের বাড়ি গাজীপুরের শ্রীপুরের হেরা পটকা গ্রামে। সোমবার দুপুরে পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে তাঁর সঙ্গে দেখা হয়। তিনি কলা ফেরি করতে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় যাচ্ছিলেন। এমদাদুল তিন ছেলের জনক। প্রতিদিন সকালে ছয় থেকে সাতটি কলার ছড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। দুপুরের মধ্যেই প্রায় সব বিক্রি হয়ে যায়। বিকেলে আরও কিছু বেচাবিক্রি হয়। এই আয় দিয়ে চলে এমদাদুলের পাঁচজনের সংসার। এমদাদুল মূলত পাইকারি বিক্রি করেন। ব্যবসার আকার ছোট হলেও লাভ কম নয় বলে জানান তিনি।
প্রথম আলোকে এমদাদুল হক বলেন, তাঁর নিজের গ্রাম হেরা পটকা ও আশপাশের এলাকা থেকে তিনি কলার ছড়ি কেনেন। প্রান্তিক জনপদ থেকে কলার ছড়ি কিনে শহরে বিক্রি করলে বেশি লাভের সম্ভাবনা থাকে। তাই তিনি আড়ত থেকে কলা কেনেন না। এভাবে কলা কেনাবেচার কারণে ভেজালের আশঙ্কাও থাকে না।
এমদাদুল বলেন, কলাগুলো কাঁচা অবস্থায় গ্রাহককে পৌঁছে দেন তিনি। বিভিন্ন ধরনের কলার মধ্যে সাগর ও সবরি কলার চাহিদা বেশি। চম্পা কলা হিসেবে পরিচিত তুলনামূলক ছোট আকারের কলা কম দামে বিক্রি হয়। তাই সেগুলো বিক্রিতে তাঁর খুব একটা আগ্রহ নেই।
এমদাদুল আরও বলেন, সড়কের পাশে ছোট ছোট চায়ের দোকানগুলোতে সাগর কলার চাহিদা সবচেয়ে বেশি। কলাগুলো পাইকারি ৮ থেকে ১২ টাকা হালি (চারটি) দরে বিক্রি করেন। সবরি কলা ১২ থেকে ১৮ টাকার মধ্যে। আর চম্পা কলা প্রতি হালি ৪ থেকে ৫ টাকায় বিক্রি হয়। তিনি বলেন, কাঁচা অবস্থায় কলা কেনাবেচা দুই দিকেই লাভ। বাড়ি বাড়ি গিয়ে কলা কেনার সময় তুলনামূলক কম দামে কেনা যায়। আবার গ্রাহক যখন তাঁর কাছ থেকে কেনেন, তখনো কাঁচা কলা তুলনামূলক কম দামে কিনতে পারেন।
কৃষিজমি আছে এমদাদুলের। মৌসুমের সময় কৃষিকাজ করেন তিনি। তবে ১৬ বছর ধরে কলা ফেরি করাই তাঁর আয়ের প্রধান উৎস। তিনি বলেন, বছরের পর বছর ধরে সংসারের খরচ চলছে কলার ব্যবসা থেকে। যাঁরা তরুণ, কাজ নেই বলে হতাশায় ভোগেন; তাঁরা চাইলে এ ধরনের ব্যবসায় নিয়োজিত হতে পারেন বলে তাঁর পরামর্শ। তিনি মনে করেন, কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয়। কাজ করলে সফলতা আসবেই।