
ময়মনসিংহে করোনায় সংক্রমিত হয়ে দৈনিক জাহান পত্রিকার সম্পাদক রেবেকা ইয়াসমিনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রেবেকা (৬১) আজ সোমবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে মারা যান।
পারিবারিক সূত্র জানায়, ১৮ জুলাই স্ট্রোকজনিত কারণে রেবেকাকে প্রথমে বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই তাঁর করোনা শনাক্ত হলে সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেলের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। করোনা ছাড়াও তাঁর ডায়াবেটিস ছিল।
রেবেকা ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার বাসিন্দা ছিলেন।