
গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এতে উল্লেখ করা হয়েছে, কর্মক্ষেত্রে ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড। তবে দেলোয়ারের পরিবার এটি বিশ্বাস করছে না।
গত ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার পরিদর্শক শেখ মফিজুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
নিহত দেলোয়ারের স্ত্রী খোদেজা বেগমের দাবি, ‘কর্মক্ষেত্রে ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে অনেকের মাঝেই মনোমালিন্য ও ক্ষোভ হতে পারে। শুধুমাত্র ক্ষোভ থেকেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে, এটা বিশ্বাস হয় না। পরিবারের সবার সঙ্গে বসে অভিযোগপত্রের বিষয়ে সিদ্ধান্ত নেব।’
অভিযুক্ত তিনজন হলেন প্রকৌশলী মো. সেলিম ওরফে আনিস হাওলাদার (৪১), ভাড়াটে সন্ত্রাসী হেলাল হাওলাদার শাহিন (৪৫) ও মাইক্রোবাসের চালক হাবিবুর রহমান খান (৩৫)।
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জোনের প্রকৌশলী ছিলেন দেলোয়ার হোসেন। গত বছরের ১১ মে মিরপুরের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। ওই দিন বেলা সাড়ে ৩টার দিকে উত্তরার ১৭ নম্বরের ৫ নম্বর ব্রিজের পশ্চিমে একটি জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী খোদেজা বেগম তুরাগ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত নেমে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের দুজন হেলাল হাওলাদার ওরফে শাহিন ও গাড়িচালক মো. হাবিব গত বছরের ২১ মে এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে হেলাল হাওলাদার ওরফে শাহিন নিজেকে ভাড়াটে খুনি বলে উল্লেখ করেন। এর সাত দিন পর ২৭ মে আদালতে জবানবন্দি দেন দেলোয়ারের সহকর্মী সহকারী প্রকৌশলী আনিসুর রহমান।
তখন পুলিশ জানায়, কর্মস্থলে দ্বন্দ্বের জেরে আনিসের পরিকল্পনায় দেলোয়ারকে হত্যা করা হয়।
ঘটনার প্রায় ১ বছর পর গত ৩০ এপ্রিল ওই তিনজনকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, সেলিম ওরফে আনিস হাওলাদার বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণ করতেন, যা দেলোয়ার পছন্দ করতেন না। সেলিম তাঁর অফিসের কর্মচারীদের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে নানাভাবে বকাঝকা ও হয়রানি করতেন। এতে কর্মীরা সেলিমের চেয়ে দেলোয়ারকে বেশি পছন্দ করতে থাকেন। এতেই দূরত্ব তৈরি হতে থাকে সেলিম ও দেলোয়ারের মাঝে।
শুধু ক্ষোভ থেকে দেলোয়ারকে হত্যা করা হয়নি। এর পেছনে অন্য কেউ থাকতে পারে।দেলোয়ারের স্ত্রী খোদেজা বেগম
অভিযোগপত্রে বলা হয়, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জোনাল অফিসে থাকাকালে সেলিমকে জালিয়াতির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয় করপোরেশন। সেলিমের ধারণা ছিল, দেলোয়ারের কারণেই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে দেলোয়ার গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনের দায়িত্বে ছিলেন। সেই সময় সেলিম গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু দেলোয়ারকে ওই সময় সিটি করপোরেশনে নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছিল। সেখান থেকেও দেলোয়ারের প্রতি ক্ষোভ তৈরি হয় সেলিমের।
অভিযোগপত্রে আরও বলা হয়, এসব ঘটনাকে কেন্দ্র করে গত বছরের ৫ মে দেলোয়ারের সঙ্গে ঝগড়া হয় সেলিমের। এতে আরও ক্ষিপ্ত হয়ে দেলোয়ারকে হত্যার সিদ্ধান্ত নেন সেলিম। এরপর হেলাল হাওলাদার ওরফে হরিলা ঘোড়ামি ও মাইক্রোবাসের চালক হাবিবুর রহমান খানকে ভাড়ায় খাটান। এরপর ১১ মে সকালে সেলিম দুজনকে নিয়ে একটি মাইক্রোবাসে করে ঢাকার মিরপুরে দেলোয়ারের বাড়িতে যান। দেলোয়ারকে বের করে নিয়ে হত্যা করা হয়।
আমরা তদন্তে যা পেয়েছি, তাই আদালতে দাখিল করেছি।শেখ মফিজুল ইসলাম , তদন্ত কর্মকর্তা
অভিযোগপত্রের বিষয়ে আজ দেলোয়ারের স্ত্রী খোদেজা বেগম বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি—শুধু ক্ষোভ থেকে তাঁকে (দেলোয়ার) হত্যা করা হয়নি। এর পেছনে অন্য কেউ থাকতে পারে।’
মামলার তদন্ত কর্মকর্তা শেখ মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রকৌশলী দেলোয়ারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। নিহতের স্ত্রীর দাবির বিষয়ে তাঁর ভাষ্য, ‘আমরা তদন্তে যা পেয়েছি, তাই আদালতে দাখিল করেছি।’