
পটুয়াখালীর কলাপাড়ায় বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া অংশের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত দুজন হলেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. বায়জিদ (১৪) ও একই ইউনিয়নের উত্তর গৈয়াতলা গ্রামের সেলিম তালুকদার (৪৭)। এ ঘটনায় মামুন (২৩), নিজাম উদ্দিন (৩৫) ও আরাফাত (২২) নামের তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছিল। বাসটি ইউনিয়নের ঘুটাবাছা এলাকা পার হওয়ার সময় ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি একটি ইজিবাইকের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক সেলিম তালুকদারের মৃত্যু হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা যাত্রী মো. বায়েজিদ গুরুতর আহত হন। তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাঁর মাথা থেঁতলে গেছে। বায়েজিদ নামের আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আহত ব্যক্তিদের মাথা, চোখ ও শরীরে গুরুতর জখম হয়েছে। তাঁরা কেউই শঙ্কামুক্ত নন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছেন। তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।