কসবায় সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

ট্রেন
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপেজলার ইমামবাড়ি স্টেশনে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এ কারণে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ট্রেনটি ওই স্টেশনে আটকা পড়ে। মেইন লাইন বন্ধ থাকায় এখন স্টেশনের বিকল্প লাইনে ট্রেন চলছে।

আখাউড়া রেলওয়ে জংশন থেকে অতিরিক্ত ইঞ্জিন এনে ওই ট্রেনে লাগানোর কথা রয়েছে। আজ রাত পৌনে ১০টায় এ প্রতিবদেন লেখা পর্যন্ত ট্রেনটি ওই স্টেশনে আটকা পড়ে আছে। এতে বিপাকে পড়েছেন ট্রেনটির যাত্রীরা।

কসবা রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস বিরতিহীন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রেনটি কসবা উপজেলার ইমামবাড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটি ১ নম্বর লাইনে থাকায় বর্তমানে মেইন লাইন বন্ধ রয়েছে। এতে ওই স্টেশনের বিকল্প লাইনে ট্রেন চলছে।

কসবা রেলস্টেশনের মাস্টার সমীর বলেন, আখাউড়া রেল জংশন থেকে অতিরিক্ত ইঞ্জিন এনে আটকে পড়া সুবর্ণ এক্সপ্রেসে লাগানো হবে। দ্রুততম সময়ে ইঞ্জিন এসে পড়বে।