
পুরোনো ভবনের শ্রেণিকক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীদের বসতে হচ্ছে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণকাজ শেষ হয়েছে এক বছর আগে। কিন্তু আসবাব না থাকায় নবনির্মিত এই ভবন শিক্ষক-শিক্ষার্থীদের কোনো কাজেই আসছে না।
পুরোনো ভবনের শ্রেণিকক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীদের বসতে হচ্ছে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) উপজেলা প্রকৌশলী কার্যালয়, সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হলিদাকান্দা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ২১৩ জন। শিক্ষকসংখ্যা পাঁচজন। ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য এলজিইডির এনএনজিপিএস প্রকল্পের আওতায় ৮৭ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে ২০১৮-১৯ অর্থবছরে দরপত্রের মাধ্যমে কাজটি পায় বিশ্বম্ভরপুর উপজেলার দাদা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার নবী হোসেন ২০২১ সালের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভবন নির্মাণকাজ শেষ করে বিদ্যালয় কর্তৃপক্ষকে নতুন ভবনটি বুঝিয়ে দেন। ফলে এক বছর আগে ভবন নির্মাণকাজ শেষ হলেও আসবাব না থাকায় এটি শিক্ষক ও শিক্ষার্থীদের কাজেই আসছে না।
হলিদাকান্দা দক্ষিণ গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবক ফয়েজ আহমদ, এরশাদ মিয়া ও আবু বকর সিদ্দিকী বলেন, এক বছর আগে নতুন ভবনটির নির্মাণকাজ শেষ হয়। কিন্তু আসবাব না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারছে না। এতে শিক্ষার্থীদের খুবই সমস্যা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এ সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
হলিদাকান্দা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম তালুকদার বলেন, নতুন ভবন নির্মাণকাজ এক বছর আগে শেষ হলেও আসবাব না থাকায় নতুন ভবনটি ব্যবহার করা যাচ্ছে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, ‘ওই বিদ্যালয়ে ৪৮ জোড়া বেঞ্চ, ৬টি টেবিল, ১০টি চেয়ার, স্ট্রিলের আলমারি ১টি ও একটি ফাইল কেবিনেটের প্রয়োজনীয়তা চেয়ে গত বছরের ২৬ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়ের কাছে চাহিদাপত্র পাঠিয়েছি।’