চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুরের জোড়া খুন মামলার প্রধান আসামি আবদুল মালেক মোল্লাকে (৬০) কারাগারে পাঠিয়েছেন আদালত। মালেক মোল্লা গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে বিচারক শিরিন কবিতা আখতার তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চলতি বছরের ৪ জানুয়ারি গঙ্গাদাসপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মোহাম্মদ আলী (৫০) ও তাঁর চাচাতো ভাই শাহাবুদ্দীনকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহত মোহাম্মদ আলীর ভাই আবদুস সালাম বাদী হয়ে আবদুল মালেক মোল্লাসহ ৪২ জনকে আসামি করে ৬ জানুয়ারি জীবননগর থানায় হত্যা মামলা করেন।