
রাজা আর যাদব দুটি কবুতরের নাম। তাদের জন্ম হয়েছে যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে। ওই কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি মিজানুর রহমান (৪৭) দীর্ঘ সময় ছিলেন। কারাবন্দী জীবনে মিজানুরের সঙ্গী ছিল কারাগারের একঝাঁক কবুতর। তবে এর মধ্যে রাজা আর যাদবের সঙ্গে যেন মিজানুরের বন্ধুত্ব গাঢ় হয়েছিল। তাই মিজানুর যখন মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন, তখন তাঁর সঙ্গে রাজা আর যাদবও চলে এল মিজানুরের বাড়িতে।
মিজানুর রহমানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামে। একটি হত্যা মামলায় আসামি হয়েছিলেন মিজানুর। মামলার রায়ে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায় হওয়ার সময় তাঁর বয়স ছিল ২৫ বছর। এরপর দীর্ঘ ২২ বছর ১০ মাস পর ২ জুন তিনি মুক্তি পেয়েছেন। কারাজীবনে তিনি ঝিনাইদহ, যশোর ও ঢাকা কারাগারে থেকেছেন। সর্বশেষ তিনি ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারে।
মিজানুর জানালেন, কখনো নিজে কম খেয়ে কবুতরকে খাবার দিয়েছেন। তবে রাজা আর যাদব নামের কবুতরের প্রতি আলাদা মায়া ছিল তাঁর। কবুতরগুলোও সারাক্ষণ তাঁর আশপাশে ঘুরে বেড়াত। একপর্যায়ে কবুতর দুটি কাঁধে উঠতে শুরু করে।
২ জুন মিজানুরের মুক্তির দিন ধার্য ছিল। তবে এর আগে থেকেই ওই দুই কবুতরের জন্য মিজানুরের চিন্তা শুরু হয়। মিজানুর বলেন, ‘জেলে দুই কবুতরকে কার কাছে রেখে যাব ভাবছিলাম। তবে কোনো উপায় না পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। অবশেষে ২ জুন সন্ধ্যা ছয়টায় যখন কারাগার থেকে বের হলাম, তখন রাজা আর যাদবও আমার সঙ্গে চলে এল।’
এরপর থেকে দুই কবুতর নিয়ে মিজানুর নতুন জীবন শুরু করেছিলেন। মিজানুর রহমান যে ঘরে ঘুমান, সেই ঘরেই কবুতরগুলো থাকত। তবে ৭ জুন যাদব ঘরের ফ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে কবুতরটি মারা যায়। এ মৃত্যুতে মিজানুর খুব কষ্ট পেয়েছেন। সঙ্গীর মৃত্যুতে রাজাও দুই দিন কিছু খায়নি।
মিজানুর রহমানের স্ত্রী বলেন, তাঁর বাড়িতে আরও কবুতর আছে। তবে নতুন কবুতরজোড়া মিজানুরের ঘরের থাকত। এর মধ্যে একটা মারা গেলেও আরেকটিকে তাঁরা আগলে রেখেছেন।
ঝিনাইদহ জেলখানার সুপার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সাজা শেষে কারাগার থেকে বেরিয়ে আসার সময় মিজানুর কবুতরজোড়া বাড়িতে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এ ক্ষেত্রে যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই তাঁকে কবুতর নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।