কালাইয়ে শোবার ঘর থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

জয়পুরহাট জেলার মানচিত্র
জয়পুরহাট জেলার মানচিত্র

জয়পুরহাটের কালাই উপজেলায় নিজ বাড়ির শোবার ঘর থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাতটার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের দুধাইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিপন বেগম (৪০) ওই গ্রামের তোজাম হোসেনের স্ত্রী।

শিপন বেগম চার সন্তানের মা। এ ঘটনায় পুলিশ নিহত গৃহবধূর স্বামী ও ছেলেকে আটক করেছে বলে স্বজনেরা জানিয়েছেন। তবে পুলিশ এ ব্যাপারে এখনো কোনো তথ্য জানায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তোজাম হোসেন তাঁর শ্যালক শাহজাহান আলীকে ফোন করে জানান যে তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। রাতেই শাহজাহান আলী তাঁর দুলাভাইয়ের বাড়িতে গিয়ে বোনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

উদয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাদশা মিয়া বলেন, পুলিশ এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও এক ছেলেকে আটক করেছে। বাড়ি থেকে চাকুও জব্দ করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন গৃহবধূর লাশ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে দুজনকে আটকের বিষয়ে কিছু জানাননি।