কালিয়াকৈরে দুই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

ছিনতাই
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মহিষবাথান হাইটেক সিটি রেলস্টেশনের পাশে ওই ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীরা হলেন—ঢাকার মিরপুর পল্লবী থানা এলাকার মোসলেম সরকারের ছেলে মো. অলিউল্লাহ (৩৫)। একই এলাকার তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আবু (৩০)।

এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর থেকে মাছ ব্যবসায়ী অলিউল্লাহ, আবু, রানা ও মোরশেদ পিকআপ ভাড়া করে মাছ কেনার জন্য প্রতিদিনের মতো আজ ভোর চারটার দিকে কালিয়াকৈর মাছ বাজারে যাওয়ার উদ্দেশে রওনা দেন। উপজেলার মহিষবাথান হাইটেক সিটি রেলস্টেশন পার হতেই পেছন দিক থেকে মোটরসাইকেলে এসে তিন যুবক গাড়ির সামনে দাঁড়ান। পরে তাঁরা চালককে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে গাড়ি থামিয়ে দেন।

এ সময় আবু অলিউল্লাহ চালকের বাম পাশে বসা ছিলেন। এ সময় এক ছিনতাইকারী অলিউল্লাহকে কোপ দিয়ে তাঁর ডান হাতের আঙুল কেটে দেন। ভয়ে আবু দৌড়ে পালাতে গেলে তাঁর ডান পায়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে অলিউল্লাহর সঙ্গে থাকা ৫২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তাঁদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।

কালিয়াকৈর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলি খান জানান, ছিনতাইয়ের খবর পেয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি।