
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মোজহারুল ইসলাম তালুকদার আবারও সভাপতি হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার হোসেন মোল্লা।
দীর্ঘ সাত বছর পর আজ বুধবার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে বিকেলে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা নতুন সভাপতি-সাধারণ সম্পাদক এবং ১ নম্বর সহসভাপতি পদে আবদুল মালেক ভূঁইয়াকে মনোনীত করেন। পরে তাঁদের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।
সভাপতি পদে মোজহারুল ইসলাম এ নিয়ে পঞ্চমবারের মতো দায়িত্ব পেলেন। তিনি কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
সকালে কালিহাতী আরএস পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। ওরা এখনো তৎপর আছে। ওরা স্লোগান দেয় ’৭৫–এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তাই তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশ শুধু বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়। নিজেদের টাকায় আজ আমরা স্বপ্নের পদ্মা সেতু করতে পেরেছি।’