
রাজবাড়ীর কালুখালীতে পিকআপ ভ্যান উল্টে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে কালুখালী ফায়ার সার্ভিসের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শাওন শেখ (৪০) রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের দারোগ আলী শেখের ছেলে। তাঁর স্ত্রী ও ১০ বছরের একটি মেয়ে রয়েছে। আহত ব্যক্তিরা হলেন গোলাম মোস্তফা, সোহেল রানা ও চালক মো. সুমন। হতাহত ব্যক্তিরা অনন স্যাটলিংক নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মী। শাওন টিম লিডার হিসেবে কর্মরত ছিলেন।
আহত ব্যক্তি ও পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানে চালকসহ চারজন ছিলেন। তাঁরা রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। কালুখালী ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছানোর পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পিকআপ ভ্যানের পেছনে থাকা শাওন ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খান। ঘটনাস্থলেই তিনি মারা যান। গোলাম মোস্তফার হাত ভেঙে গেছে। চালকসহ অন্যজন সামান্য আহত হয়েছেন। গাড়িটি রাস্তার উল্টো পাশে পড়ে যায়।
অনন স্যাটলিংকের স্বত্বাধিকারী উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, মৃগী ইউনিয়ন থেকে মাঝবাড়ি ইউনিয়ন ইন্টারনেট সংযোগের ফাইবার কেব্ল কেটে গিয়েছিল। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এই সমস্যা হয়। ঈদের কারণে রাতে মেরামত করা সম্ভব হয়নি। আজ সকালে তাঁরা সংযোগ মেরামতের জন্য যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। পিকআপটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।