কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনা মামলায় চালক গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে নয়জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শংকর দাস। বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুদিঘাট গ্রামে। আজ সোমবার দুপুরে খুলনা থেকে তাঁকে গ্রেপ্তার করে কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ।

শংকর দাসকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শংকর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে দেশ থেকে পালানোর পরিকল্পনা করছিলেন। তারপর খুলনা পুলিশের সহযোগিতায় আজ দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাশিয়ানী থানার মাধ্যমে তাঁকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।

কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা এলাকায় গত শনিবার বেলা ১১টার দিকে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ নয়জনের প্রাণ যায়। আহত হন ৩০ জন। ওই দিনই এ ঘটনায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) সিরাজুল ইসলাম বাদী হয়ে রাজিব পরিবহনের বাসটির (ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৬০) চালকের নাম উল্লেখ করে কাশিয়ানী থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। ওই মামলায় শংকর দাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অসুস্থ মাকে দেখতে ঢাকা থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসক ও গোপালগঞ্জ শহরের বটতলা এলাকার প্রফুল্ল কুমার সাহার ছেলে বাসুদেব সাহা, তাঁর স্ত্রী শিবানী সাহা ও ছেলে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বপ্নিল সাহা এবং তাঁদের ব্যক্তিগত গাড়ির চালক আজিজুর ইসলাম। অন্যদিকে কাশিয়ানী থেকে একই মোটরসাইকেলে গোপালগঞ্জ যাচ্ছিলেন অনিক বাবু ও আফসানা মিমি নামের দুজন। আরেক দম্পতি ব্যস্ত ছিলেন সড়কের পাশে ধানমাড়াইয়ে। ওই দুর্ঘটনায় একসঙ্গে কেড়ে নিল তাঁদের সবার প্রাণ।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম ইসলাম বলেন, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহনের বাসটি চালক দ্রুতগতিতে চালাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বাসচালকের অসাবধানতার কারণে তিনি বাঁ পাশ থেকে ডান পাশে চলে যান। তখন বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংর্ঘষ হয়। পরে ওই গাড়ি ছিটকে গিয়ে সড়কের পাশে ধানমাড়াই মেশিনের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে নয়জন নিহত হন।