কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে কোনো অনিয়মের অভিযোগ আসেনি: হানিফ

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ আসেনি বা দৃশ্যমান হয়নি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম বলেন, কুমিল্লা মহানগর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার তাঁর নিজ বাড়িতে অবস্থান করছেন। একজন সংসদ সদস্য তাঁর এলাকায় যেতে পারেন, বাড়িতে থাকতে পারেন। তিনি স্থানীয় নির্বাচনে প্রচারের অংশ নিচ্ছেন কি না, সেটাই হচ্ছে মূল ব্যাপার। যদি কোনো সংসদ সদস্য স্থানীয় নির্বাচনের প্রচারে অংশ না নিয়ে থাকেন, সে ক্ষেত্রে তো নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হতে পারে না। তিনি আরও বলেন, ‘আমরা যতটুকু দেখেছি, শুনেছি তিনি (বাহাউদ্দিন) কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করেননি। তিনি তাঁর বাড়িতে অবস্থান করছেন। মানুষ তাঁর নিজস্ব বাড়িতে থাকবেন, এটা তো অস্বাভাবিক কিছু নয়। এটা নিয়ে কাউকে পদত্যাগ করতে হবে, কাউকে বহিষ্কার করতে হবে, এটা যৌক্তিক নয়।’

মাহবুব উল আলম অভিযোগ করেন, বিএনপির সামনে সরকারের বিরুদ্ধে কথা বলা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার তেমন কোনো কিছু নেই। কোনো কিছু না থাকার কারণে তারা এগুলো নিয়ে ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কোনো একটা ঘটনাকে মিথ্যার প্রলেপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।