কুষ্টিয়ায় বাড়ির মালিককে হত্যা মামলায় ভাড়াটিয়া দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

কুষ্টিয়া সদর উপজেলায় জালাল উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যার দায়ে ভাড়াটিয়া দম্পতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া এলাকার মৃত মুনতাজ মণ্ডলের ছেলে সাহাবুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী মারিয়া খাতুন (৩৫)। রায় ঘোষণার সময় আসামি সাহাবুল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাঁকে পুলিশ জেলা কারাগারে পাঠায়। তবে দণ্ডপ্রাপ্ত অপর আসামি মারিয়া পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ২৫ জানুয়ারি সকালে কুষ্টিয়া শহরের বারখাদা মধ্যপাড়া এলাকার বাসিন্দা রিনা খাতুন তাঁর স্বামী জালাল উদ্দিনকে বাসায় রেখে শাড়ি ও কাপড় বিক্রি করতে বাইরে যান। দুপুর ১২টার দিকে বাড়িতে ফিরে দেখেন, প্রধান ফটকের দরজা ভেতর থেকে আটকানো। পরে তাঁদের নতুন ভাড়াটিয়া সাহাবুলের বাসার গেট দিয়ে ঘরে প্রবেশ করেন। দেখতে পান, মেঝেতে তাঁর স্বামী জালাল উদ্দিনের গলা কাটা লাশ পড়ে আছে। এ ঘটনায় ওই দিনই রিনা খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০২১ সালের ৩১ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর আদালত এ মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে ১৪ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন।