
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ওয়ার্ডের মেম্বার প্রার্থীর কেন্দ্রে ঘোষিত ফলাফল রাতে পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, টাকা নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল পাল্টে দিয়ে পরাজিতদের বিজয়ী ঘোষণা করেছেন। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ হয়েছে।
গতকাল বুধবার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব কটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে বিকেল পাঁচটার দিকে উপজেলার সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার। ২ নম্বর ওয়ার্ডে কেন্দ্রে ঘোষিত ফলাফল অনুযায়ী ৫৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন আপেল প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা গভীর রাতে ফলাফল পাল্টে দেন। মোরগ প্রতীকের প্রার্থী মোশারফ হোসেনকে বিজয়ী ঘোষণা করে উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা।
ফলাফল পাল্টে দেওয়ার বিষয়ে জানতে চাইলে আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, কেন্দ্রে যে ফলাফল ঘোষণা করা হয়েছিল, সেটা যোগ-বিয়োগে ভুল হয়েছিল তাই তখন আমিনুলকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে রাতে নির্বাচন অফিসে এসে পুনরায় যোগ দেওয়ার পর ভুলটা ধরা পড়েছে। পরে সঠিক ফলাফল দেওয়া হয়।
অপর দিকে মৌচাক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে ঘোষিত ফলাফল অনুযায়ী ২৪২ ভোট বেশি পেয়ে বিজয়ী হন আপেল প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন। তাঁকে বিজয়ী ঘোষণা করেন মাঝখান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কালিয়াকৈর ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ রফিকুল ইসলাম। তাঁকে জয়ী ঘোষণা করা হলেও রাতে কেন্দ্রে ঘোষিত ফলাফল পাল্টে মোরগ প্রতীকের প্রার্থী আবদুল বাতেনকে বিজয়ী ঘোষণা করে উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা।
ওই কেন্দ্রের ফলাফলের বিষয়ে জানতে প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলামের মুঠোফোনে কল করা হলে পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর তাঁকে বারবার ফোন করা হলেও ধরেননি।
কেন্দ্রে ঘোষিত ফলাফল পরিবর্তনের প্রতিবাদে ওই দুই প্রার্থীর ও তাঁদের সমর্থকেরা আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করেন। এ সময় বিক্ষুব্ধরা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন। দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবের হলরুমে ওই দুই প্রার্থী সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ৮ নম্বর ওয়ার্ডের আপেল প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন বলেন, টাকার বিনিময়ে তাঁর ফলাফল পাল্টানো হয়েছে। অপর দিকে ২ নম্বর ওয়ার্ডের আপেল প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম বলেন, টাকার বিনিময়ে তাঁর ফলাফলও পাল্টানো হয়েছে।
তবে এসব অভিযোগের দায় নিতে চান না রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান। তাঁর ভাষ্য, ফলাফল নিয়ে যদি কারও সমস্যা থাকে, তাহলে ট্রাইব্যুনালে মামলা করতে পারে। এ ছাড়া প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘খোঁজ নিয়ে দেখেছি প্রিসাইডিং কর্মকর্তা একটু ভুল করে ফেলেছিলেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’