
যশোরের কেশবপুরে বালুবাহী ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের ত্রিমোহিনী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ভ্যানের যাত্রী ছিলেন।
নিহত ব্যক্তির নাম আশরাফ আলী (৩৪)। তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাঠ সংগঠক। তিনি ডুমুরিয়া উপজেলার মৃত নোয়াব আলীর ছেলে। তবে তিনি কেশবপুরের সাবদিয়া গ্রামে থাকতেন। এ ঘটনায় ওই ভ্যানের চালক আবদুর রাজ্জাক (৬০) গুরুতর আহত হয়েছেন। তাঁর বাড়ি কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোরে ভ্যানটি কেশবপুরের হাসপাতাল রোড থেকে ত্রিমোহনী মোড়ের দিকে যাচ্ছিল। ভ্যানটি ত্রিমোহনী মোড় এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী বালুবাহী ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আশরাফ আলীর মৃত্যু হয়।
এদিকে স্থানীয় লোকজন আবদুর রাজ্জাককে ট্রাকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খরনিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ওই ট্রাকের চালক পলাতক।