
ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যাকবলিত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার দিনভর এসব ত্রাণ বিতরণ করা হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নৌকায় বন্যাকবলিত রনিখাই, নয়াগাঁও, মেঘেরগাঁওসহ উপজেলার ৫টি গ্রামের মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হয়। ত্রাণ পেয়ে রনিখাই এলাকার বাসিন্দা কুলসুমা বিবি (৬৫) বলেন, ‘সাত দিন যাবৎ পানিত ভাসরাম, কেউ কুনতা দিছে না। আইজ দুইডা ভাত খাইতাম পারমু।’
ত্রাণ বিতরণকালে ফারাজ হোসেন ফাউন্ডেশনের প্রতিনিধি এসকেএফের সহকারী বিক্রয় ব্যবস্থাপক মো. রহমত উল্লাহ, তারেক আহমেদ, মো. শাহজাহান, স্থানীয় প্রতিনিধি আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ত্রাণ দেওয়ায় এলাকাবাসী ফারাজ হোসেন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিল ৩ কেজি করে চাল, এক কেজি আলু, আধা কেজি ডাল, ৫০০ গ্রাম তেল, এক প্যাকেট বিস্কুট, ১০টি খাবার স্যালাইন, দুটি মোমবাতি, একটি দেশলাই ও দেড় লিটারের একটি বিশুদ্ধ পানির বোতল। গ্রামে গ্রামে নৌকায় করে গিয়ে এসব ত্রাণ বন্যাকবলিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।
ত্রাণসামগ্রী পেয়ে নয়াগাঁও গ্রামের তোরাব আলী (৫৫) বলেন, ‘পানিতে সব ভাসাই নিয়া গেছে। এক বেলার খাওনও ঘরে নাই। এখন যা পাইছি, তা দিয়া কয়দিন বাচ্চাদের নিয়া খাইতে পারমু।’