সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলি মোড় থেকে শুরু হয়ে আশুগঞ্জ উপজেলায় গিয়ে সড়কটি শেষ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর–আশুগঞ্জ সড়কটি খানাখন্দে ভরা। খানাখন্দের কারণে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী দুই উপজেলার ছয় ইউনিয়নের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলি মোড় থেকে শুরু হয়ে আশুগঞ্জ উপজেলায় গিয়ে সড়কটি শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে সদর উপজেলার বটতলি থেকে অষ্টগ্রাম বাজার পর্যন্ত সড়কটি বেহাল। সড়কের এই অংশজুড়েই খানাখন্দে ভরপুর।
সদর উপজেলার নাটাই উত্তর, তালশহর পূর্ব এবং আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিম, আড়াইসিধা, সদর ও চরচারতলা ইউনিয়নের মানুষ ওই সড়ক দিয়ে নিয়মিত চলাচল করে। এর মধ্যে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা, তালশহর পশ্চিম, সদর উপজেলার তালশহর পূর্ব ও নাটাই উত্তর ইউনিয়নের মানুষ এই সড়ক দিয়েই সদর উপজেলাসহ শহরে যাতায়াত করতে হয়। আশুগঞ্জ উপজেলা সদর ও চরচারতলা ইউনিয়নের মানুষ এই সড়কের পাশাপাশি ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আসে। কিন্তু এক বছর ধরেই সড়কটি বেহাল। সড়কজুড়েই ভাঙাচোরা, গর্ত ভরপুর। এই সড়ক দিয়ে শুষ্ক মৌসুমে কোনোমতে চলাফেরা করা যায়। কিন্তু বর্ষা এলেই শুরু হয় শনির দশা। গর্তগুলোতে পানি জমে। প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। এই সড়ক উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলি বাজার এলাকার কিছু অংশ ভালো। এক থেকে দেড় বছর আগে মূল রাস্তা থেকে দেড় থেকে দুই ফুট উঁচু করে ঢালাই দেওয়া হয়েছে। সেটিও সামান্য অংশ। এক থেকে দেড় শ গজের মতো হবে। কিন্তু এর পর থেকে সড়কের ভাঙা শুরু হয়। বটতলির কিছু অংশ, আমতলী থেকে চান্দিনা মোড় এবং চান্দিনা মোড় থেকে অষ্টগ্রাম বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকার বেহাল।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের সদর উপজেলার অষ্টগ্রাম বাজার, জামতুলী বাজার, রাজগড় পূর্ব পাড়া জামতলী মার্কেট, চান্দিনা মোড়, বটতলি এলাকায় সড়ক থেকে ইটের খোয়া উঠে গেছে। সড়কজুড়েই ভাঙাচোরা ও ছোট–বড় গর্ত। সড়ক দিয়ে ট্রাক, ট্রাক্টর, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
সদর উপজেলা প্রকৌশলী আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। তবে সড়কটি আমার বিভাগের। বছরে জুলাই থেকে জুন পর্যন্ত সড়কের মেরামত ও সংস্কারকাজ হয়ে থাকে। এ ছাড়া প্রি-প্রস্তাব দিয়েই সড়কের সংস্কারকাজ করা হয়। সড়কটি দ্রুতই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’