
খুলনা নগরে ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পর সব বিপণিবিতান ও দোকান বন্ধ থাকবে। খুলনা জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা শেষে এসব তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
সভায় সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘মানুষ স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণে থাকবে। প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসের নতুন ধরনের বিস্তারের কারণে আমরা ঝুঁকির মধ্যে আছি। ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার আগেই আমাদের প্রস্তুতি নিয়ে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। ১১ জানুয়ারি থেকে রাত আটটার পর নগরের মার্কেট-দোকান খোলা রাখা যাবে না। তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও কাঁচামালের আড়তের ক্ষেত্রে এ সময়সীমা প্রযোজ্য নয়।’
সভায় সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, বর্তমানে খুলনা জেলায় করোনা শনাক্ত হওয়া একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন। করোনার শুরু থেকে এ পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ৭২০টি পরীক্ষার বিপরীতে ২৮ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়। গত নভেম্বর মাসে জেলায় তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
ডিসেম্বরে করোনায় জেলায় কোনো প্রাণহানি হয়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে সব স্থানে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার বিকল্প নেই। টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যুহার অনেক কম। তাই টিকা গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করা প্রয়োজন।
সভায় খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।