গতি ছিল ধীর, তবে প্রশাসন ভালো ভোট করেছে: মনিরুল

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক (সাক্কু)
ছবি: প্রথম আলো

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক (সাক্কু) বলেছেন, ‘ধীর গতির ভোট হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোটারদের অপেক্ষা করতে হয়েছে। তার ওপর বৈরী আবহাওয়ার কারণে ভোটার কম এসেছেন। অনেক কেন্দ্রে ইভিএম ঠিকমতো কাজ করেনি। তারপরও প্রশাসন ভালো ভোট করেছে বলে আমি মনে করি।’

মনিরুল হক আজ বুধবার ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে এ কথা বলেন। নগরের নানুয়া দিঘীরপাড়ে নিজ বাসভবনে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেন।

মনিরুল হক বলেন, ‘বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে নৌকার প্রার্থী বহিরাগত লোকদের জড়ো করে মহড়া করেছেন। তাঁরা সংশ্লিষ্ট এলাকার ভোটার না। আমার বিশ্বাস কুমিল্লাবাসী আমাকেই রায় দিয়েছেন। এখন ফলাফলের অপেক্ষায় আছি।’ কিন্তু বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে টেবিল ঘড়ি প্রতীকের কর্মী কম ছিলেন, কোথাও ছিলেন না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী। আমার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার এনেছেন। সংঘবদ্ধ হয়ে এই নির্বাচনে জটলা করে থাকার কোনো সুযোগ নেই।’

আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, বিকেল ৪টা পর্যন্ত ৬০ শতাংশের কম-বেশি (১-২ শতাংশ) ভোট পড়েছে। কয়েকটি কেন্দ্রে নির্ধারিত সময়ের পর পর্যন্তও ভোট চলছিল।