
সিরাজগঞ্জ পৌরসভায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে শহরের চরমালশাপাড়া কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত রিমা খাতুন (২০) চরমালশাপাড়া কাটা ওয়াপদা এলাকার মো. সোহেলের (২৫) স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে এই দম্পতির মধ্যে কলহ চলছিল। গতকাল রাতে স্ত্রী রিমার সঙ্গে সোহেলের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। দিবাগত রাত দুইটার দিকে রিমার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাঁরা রিমার বুকে ছুরিবিদ্ধ অবস্থায় দেখেন। তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিমার মৃত্যু হয়। এ খবর জানাজানি হলে স্থানীয় লোকজন সোহেলকে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ সোহেলকে আটক করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজ বুধবার দুপুরে জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।