
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গভীর রাতে সড়ক অবরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটা থেকে দুইটার মধ্যে উপজেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বিটিআই এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় দা ও লাঠিসোঁটা দিয়ে ভয়ে দেখিয়ে কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে ছয় লক্ষাধিক টাক লুট করা হয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি ডাকাতি নয়, ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে।
ভুক্তভোগী শমশেরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইয়াকুব মিয়া বলেন, ভাইয়ের চিকিৎসা করিয়ে ঢাকা থেকে শমশেরনগর ফিরছিলেন তিনি। তাঁর প্রাইভেট কারটি শ্রীমঙ্গল বধ্যভূমি-৭১ অতিক্রম করে বিটিআই সড়ক এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে। ১৫ জনের ডাকাত দল দা ধরে জিম্মি করে তাঁর কাছ থেকে ও মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে নগদ টাকা লুটে নিয়ে গেছে। ডাকাত দল তাঁর কাছ থেকে ৯৪ হাজার টাকা লুটে নিয়েছে।
পতনউষার ইউনিয়নের ব্যবসায়ী সুলেমান মিয়া বলেন, অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ও মুঠোফোন লুট করেছে ডাকাতেরা। এর আগে মোটরসাইকেল আরোহী বিকাশের এক প্রতিনিধির কাছ থেকে তিন লাখ টাকা ডাকাতেরা লুট করেছে বলে তিনি শুনেছেন। ১০টি প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ছয় লক্ষাধিক টাকা লুটে নেয় ডাকাত দল।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক বলেন, এটি ডাকাতি নয়, একদল দুর্বৃত্ত ছিনতাইয়ের চেষ্টা করেছে। তাঁরা অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।