গাঁজাসহ একজনকে আটকের সময় পুলিশের ওপর হামলা, আহত ১০

ঝিনাইদহ জেলার মানচিত্র
ঝিনাইদহ জেলার মানচিত্র

ঝিনাইদহের মধুপুরে গাঁজাসহ একজনকে আটকের সময় পুলিশের ওপর স্থানীয় লোকজনের হামলার ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটের আঘাতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে মধুপুর চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন ঝিনাইদহ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ারুল ইসলাম ও আশরাফুল ইসলাম এবং কনস্টেবল আশরাফুজ্জামান, এলেম শেখ ও জামাল শেখ। আহত বাকিরা সবাই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত দুই এএসআইসহ চার পুলিশ সদস্যকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অপর পুলিশ কনস্টেবল জামাল হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৫ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গতকাল সন্ধ্যায় মধুপুর চৌরাস্তা বাজারের পাশে একটি চায়ের দোকানে টেবিলের নিচে থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় চা-দোকানি আকিদুল ইসলামকে আটক করে গাড়িতে তুলতে গেলে বাজারের লোকজন ও অন্য দোকানিরা পুলিশকে বাধা দেয়। পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা করে। এ সময় ইটের আঘাতে পুলিশ সদস্যসহ স্থানীয় কয়েকজনও আহত হন।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শটগান থেকে পাঁচটি গুলি নিক্ষেপ করে এলাকাবাসীকে ছত্রভঙ্গ করে। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নামে প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, গাঁজা উদ্ধারের সঙ্গে চা-দোকানি আকিদুল ইসলামের জড়িত থাকার বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। সেখানে অন্য কেউ গাঁজা রেখেছেন অথবা আকিদুলকে ফাঁসানোর জন্য এ কাজ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এই ঘটনার পর ওই এলাকার ১৫ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে ওই চা-দোকানি নেই। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, হাসপাতালে আসা পুলিশ সদস্যদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ইট ও লাঠির আঘাত রয়েছে। তবে আঘাত গুরুতর নয়।