গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক মা ও তাঁর ছেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রহিমা বেগম (৩৫) ও তাঁর ছেলে রিফাত মিয়া (১২)। নিহত রহিমা বেগম কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, মহিষমুড়ি গ্রামের কৃষক রফিকুল ইসলামের একটি গরু ফাঁকা মাঠে ঘাস খাওয়ানোর জন্য বাঁধা ছিল। আজ দুপুরে রহিমা তাঁর ছেলে রিফাতকে নিয়ে সেখানে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ সময় গরুকে বাঁচাতে গিয়ে অসাবধানতাবশত রহিমা ও তাঁর ছেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে সেখানেই তাঁদের মৃত্যু হয়। এ সময় তাঁদের গরুটিও মারা যায়।
খবর পেয়ে উপজেলার বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।