গাজীপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে তরুণের মাথা বিচ্ছিন্ন

গাজীপুর জেলার মানচিত্র
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বঙ্গবন্ধু হাইটেক রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে এক তরুণের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তরুণের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।

বঙ্গবন্ধু হাইটেক রেলস্টেশনের মাস্টার তাওলাদ হোসেন বলেন, ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু হাইটেক রেলস্টেশন অতিক্রম করে। এ সময় এক তরুণ ট্রেন থেকে পড়ে গেলে দেহ থেকে তাঁর মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জানতে চাইলে জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, নিহত তরুণের পরিচয় এখনো জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।