
গোপালগঞ্জে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ৪০২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৫ জন। জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২১১ জন। মারা গেছেন পাঁচজন। আজ বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।
নিয়াজ মোহাম্মদ বলেন, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৫ জন, মুকসুদপুরে ৯, কাশিয়ানীতে ৪, টুঙ্গিপাড়ায় ১ ও কোটালীপাড়ায় ৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সংক্রমিতদের বসতবাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে সংক্রমিতদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৯৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হওয়া ৪০২ জন রোগীর মধ্যে মুকসুদপুরে ১০২ জন, কাশিয়ানীতে ১১১, গোপালগঞ্জ সদরে ৭১, টুঙ্গিপাড়ায় ৫৫ ও কোটালীপাড়া উপজেলায় ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ৩৮ জন ও ২০ জন পুলিশ সদস্য রয়েছেন বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।