গোলাপগঞ্জে এক কেন্দ্রে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ৩ শতাংশ

নির্বাচন
প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে একটি কেন্দ্রে ৩ ঘণ্টায় ৭০টি ভোট পড়েছে। এটি ওই কেন্দ্রে মোট ভোটের ৩ শতাংশ। ওই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩২১ জন ও বুথের সংখ্যা ৬টি। আজ বুধবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর পর বেলা ১১টা পর্যন্ত গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি কেন্দ্রে এ পরিমাণ ভোট পড়ার তথ্য জানা গেছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গৌতম পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে ভোটারদের উপস্থিতি কম। সকাল থেকে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি নেই। তিন ঘণ্টায় কেন্দ্রে মোট ভোটের তিন শতাংশ ভোট পড়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে শফিক উদ্দিন।

সরেজমিনে দেখা গেছে, ভোটকেন্দ্রের বুথগুলোতে কোনো ভোটার উপস্থিতি নেই। কেন্দ্রে বেলা সোয়া ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে বুথগুলোতে অন্ধকার দেখা গেছে। কেন্দ্রের বুথগুলোতে ভোটার না থাকায় সহকারী প্রিসাইডিং ও প্রার্থীর এজেন্টদের অলস সময় পার করতে দেখা গেছে।

কেন্দ্রের তিন নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহীন মিয়া বলেন, সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বুথে ৩২টি ভোট পড়েছে। কেন্দ্রের ১ নম্বর বুথের নৌকার প্রার্থীর এজেন্ট কক্ষের বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলেন। তিনি বলেন, ‘ভোটার নেই, এ জন্য বাইরে বের হয়েছি।’

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে ২ লাখ ৪০ হাজার ১০০ ভোটার ১০২টি ভোটকেন্দ্রে ৬২৫টি বুথের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চলতি বছরের ২৯ জানুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী মারা যান। তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন (ইসি) এ শূন্য আসনে তফসিল ঘোষণা করে।