ঘরের পাশে পানি ভরা গর্তে ডুবে মারা গেল শিশু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় ঘরের পাশে জমে থাকা গর্তের পানিতে ডুবে মারা গেছে আড়াই বছরের এক শিশু। আজ শনিবার সকালে উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আবদুল্লাহ। তার বাবা আলমগীর হোসেন। পেশায় তিনি একজন অটোভ্যানচালক। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন আবদুল্লাহর মা খাদিজা বেগম।

প্রতিবেশী দুজন বলেন, আজ সকাল সাড়ে আটটায় দিকে আলমগীর হোসেন কাজে বের হন। এ সময় খাদিজা বেগম খড় রোদে দিচ্ছিলেন। আবদুল্লাহ এ সময় ঘরের মধ্যে একাই খেলা করছিল। আলমগীরের ঘরের পাশে ছিল একটি গর্ত। বৃষ্টিতে এই গর্তে পানি জমে যায়। খেলার সময় শিশুটির পায়ের স্যান্ডেল গর্তের পানিতে পড়ে যায়। স্যান্ডেলটা তুলতে সে গর্তের দিকে যায়। এ সময় সে গর্তের পানিতে পড়ে যায়।

খাদিজা বেগম বলেন, কাজ শেষ করে তিনি বাড়ির মধ্যে ছেলের খোঁজ করতে থাকেন। কোথাও না পেয়ে একপর্যায়ে তিনি দেখতে পান ছেলের স্যান্ডেল গর্তের পানিতে ভাসছে। এই দেখে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে ছেলের খোঁজ করতে থাকেন গর্তের পানিতে। এরপর সকাল সাড়ে ১০টায় ছেলেকে পানি থেকে উদ্ধার করে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁর ছেলেকে মৃত ঘোষণা করে।

শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।